স্টাফ রিপোর্টার :
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ আপাতত তা সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে দীর্ঘ সময় ধরে এই চাপ বহন করা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে।
রবিবার রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এক বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। এর প্রভাব কেবল জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে, ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, সরকার হঠাৎ করে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চায় না। কিন্তু সরকারি তহবিল থেকে ধারাবাহিক ব্যয় চলতে থাকলে শেষ পর্যন্ত সেই চাপ জনগণের ওপরই পড়বে। তাই বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি।
দেশের অর্থনৈতিক সূচকগুলো নিম্নমুখী উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে। তবে জ্বালানি খাতে ভর্তুকি, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং আমদানি নির্ভরতার কারণে চাপ বাড়ছে।
এছাড়া তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও এখনো সে পর্যায়ে পৌঁছানোর মতো প্রস্তুতি নেই। বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ দেনা এবং উচ্চ সুদের ঝুঁকি দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, এলডিসি উত্তরণ প্রক্রিয়া কিছু সময়ের জন্য স্থগিত রাখার সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে উত্তরণ সম্ভব হবে।