টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে টঙ্গী উত্তর আউচপাড়া এলাকার লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।
বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন।
শ্রমিকেরা জানান, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। তাঁদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধ না করেই কর্তৃপক্ষ গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এর মধ্যে সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, তাঁরা এখনো সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাননি। বেতন না পাওয়ায় বাড়িভাড়া পরিশোধ ও দোকানের বাকি টাকা মেটাতে পারছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
এ বিষয়ে জানতে লাকী স্টার অ্যাপারেলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মো. ফজলে আজিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ রেখেছেন। বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন।