টাঙ্গাইলের ধলেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে শামসুল হক সেতু

মো. মশিউর রহমান:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাশিন ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। বাদ যাচ্ছে না নদীর ওপর নির্মিত শামসুল হক সেতুর নিচ ও আশপাশের এলাকাও। এতে চরাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এ সেতুটি এখন হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে সেতুর উভয় পাশের মাটি ধসে যাচ্ছে এবং সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এছাড়া অবৈধ বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামোও ঝুঁকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা না থাকায় বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী মহল ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতেও সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *