সৈয়দ আলম:
টেকনাফে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে র্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি তাছলিমা বেগম (৩০), একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
র্যাব সূত্র জানায়, তাছলিমা বেগমের বিরুদ্ধে ফতুল্লা থানায় দায়ের করা মামলা নং ৩(১২)১৮; (সেশন/শিশু/বিঃ ট্রাঃ ১৭১৯/১৯) রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারার অপরাধে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।