টেকসই নগর-অবকাঠামোয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও বাড়বে: আশাবাদ গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহেরের

মোঃআনজার শাহ

গৃহায়ন ও গণপূর্ত খাতে বাংলাদেশের চলমান অগ্রগতির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে নগর উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ ও গৃহায়ন খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠকে মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আধুনিক, টেকসই ও জনবান্ধব অবকাঠামো নির্মাণে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই খাতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের অবকাঠামো ও নগর উন্নয়নে অর্জিত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি গৃহায়ন ও অবকাঠামো উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহায়তা ও অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *