ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে সচেতনতামূলক অভিযান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূঁইয়া, শিক্ষক-শিক্ষার্থী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মোস্তফা আলী।

এ সময় শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয়, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও পরিচ্ছন্নতা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ও সুস্থ নগর গড়ে তোলা সম্ভব।

“সচেতনতাই পারে ডেঙ্গুমুক্ত ও সুস্থ নগর গড়ে তুলতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *