তরুণদের দক্ষতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবে বিএনপি: জাকারিয়া তাহের সুমন

 

মোঃআনজার শাহ

তরুণ সমাজই দেশ গড়ার প্রধান শক্তি উল্লেখ করে তাদের উচ্চশিক্ষা নিশ্চিতকরণ, কারিগরি জ্ঞান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হিসেবে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে কোনো ধরনের ছাড় না দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বরুড়া উপজেলা ও পৌরসভার ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, “শিক্ষিত ও দক্ষ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। এজন্য শিক্ষা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
মাদকবিরোধী অভিযানের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এ ব্যাপারে আমরা কোনো আপস করব না। মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”
স্থানীয় উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “বরুড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

কর্মশালায় বক্তারা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশ গড়ার পরিকল্পনা তরুণদের সুসংগঠিত ও দক্ষ করে গড়ে তোলা অপরিহার্য।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *