তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘাটাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী (পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা মোছাঃ জান্নাতুল ফেরদৌস জান্নাত (৩২) অভিযোগ করেন, তার শ্বাশুড়ি হাজেরা বেগম, শ্বশুর মোঃ আজাহার আলী, স্বামী আনিছুর রহমান আনিছ, ভাশুর মোঃ হারুনসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

ভুক্তভোগীর দাবি, দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি দীর্ঘদিন যাবৎ এসব নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলেন। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তিন মাসের অন্তঃসত্ত্বা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২ জুন ২০২৬ তারিখ বিকেলে টাঙ্গাইলের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে ফিরে আসেন। ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করে। এমনকি তাকে কামড়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং সেখানে ভর্তি হন।

ভুক্তভোগী জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অসুস্থতা ও পারিবারিক পরামর্শের কারণে অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *