তোফাজ্জল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

দৈনিক ইয়াদ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) বাদ আছর নারায়ণগঞ্জ শহরের লুৎফা টাওয়ারে অবস্থিত দৈনিক ইয়াদ পত্রিকার কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম তোফাজ্জল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, তোফাজ্জল হোসেন ছিলেন একজন নির্ভীক, সৎ ও আদর্শবাদী সাংবাদিক। তিনি দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সমাজের অন্যায়, দুর্নীতি, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছিলেন। সত্য প্রকাশে তার সাহসিকতা ও নৈতিক দৃঢ়তা তাকে সাংবাদিকতার জগতে আলাদা মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

তারা আরও বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিকতায় তোফাজ্জল হোসেন ছিলেন এক সাহসী নাম। তার সম্পাদিত দৈনিক ইয়াদ পত্রিকা ছিল নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তিনি যা বিশ্বাস করতেন, তা নির্ভয়ে প্রকাশ করতেন—হোক তা কলমে কিংবা মুখে। একাই একটি কলম হাতে নিয়ে তিনি নারায়ণগঞ্জের স্বৈরাচার, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।

অনেকেই তাকে ‘দুঃসাহসিক সাংবাদিক’ হিসেবে আখ্যায়িত করলেও, তোফাজ্জল হোসেন নিজেকে কখনোই নায়ক হিসেবে দেখতেন না। বরং তিনি বারবার বলতেন, “আমি কেবল সত্যের পাশে থাকতে চাই।” তার এই আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য আজও অনুকরণীয় বলে মন্তব্য করেন বক্তারা।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন ও মনির খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দিন, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক এসএম ইকবাল রুমীসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪, সময় টিভি, ৭১ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, প্রথম আলো, নিউজ ২৪, মোহনা টেলিভিশন, দিপ্ত টিভিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুমের সন্তান, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ ও দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মরহুম তোফাজ্জল হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *