দক্ষিণ রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার

কামরুল ইসলাম:

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার বিশেষ অভিযানে ২টি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ফকির টিলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। তারা সিএনজিটি নিয়ে পাশের একটি সড়ক দিয়ে পাহাড়ি এলাকায় প্রবেশ করে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ওই সিএনজি অটোরিকশাটি তল্লাশি করলে ভেতর থেকে ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সিএনজিটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সিএনজি চালককে মোঃ মিনহাজ (৩২) হিসেবে সনাক্ত করা হয়েছে। তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার ১০নং পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া এলাকার বাসিন্দা, পিতা মৃত বাচা আহাম্মদ।

এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত ছিল বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে তারা পলাতক রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *