দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত উপ-সহকারী প্রকৌশলী, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন

পিরোজপুর অফিস:
পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। সড়ক বিভাগ সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে কর্তৃপক্ষের নথিতে উল্লেখ রয়েছে। এ সময়ের মধ্যে তিনি কোনো ছুটির আবেদন বা লিখিত অনুমতি নেননি বলে দাবি করা হয়েছে। বিভাগীয় সূত্র আরও জানায়, অনুপস্থিতির বিষয়টি জানিয়ে একাধিকবার তাকে লিখিতভাবে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত তার কোনো জবাব পাওয়া যায়নি। পাশাপাশি একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। এ অবস্থায় গত বছরের ২০ মে পিরোজপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানা গেছে। এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, আমরা বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। অফিসিয়াল চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে বিভাগীয় প্রক্রিয়ার আওতায় রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলীর বক্তব্য জানতে একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *