সাইফুল ইসলাম:
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার সন্নিকটে লোহারপুল রোডে জহির রায়হান নাট্য মঞ্চের সামনে গত চার দিন ধরে ওয়াসার মেইন লাইনের পানি পাইপ ফেটে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার বিশুদ্ধ পানি অপচয় হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন ব্যক্তির কাছে বিষয়টি জানানো হলেও কোনও সমাধান হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি “আমাদের কাজ না” বলে এড়িয়ে যাচ্ছে। পাইপ লাইনের পাশে থাকা এক মহিলা সবজি বিক্রেতা বলেন, “কোনও উপায় না পেয়ে আমরা নিজেরাই ফেটে যাওয়া পাইপের ওপর পাথর ও ইট দিয়ে চাপা দিচ্ছি যাতে পানি নিবারণ হয়। তাতেও পানি অপচয় পুরোপুরি বন্ধ হচ্ছে না।”
স্থানীয়রা অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সম্প্রতি ড্রেনেজের কাজের সময় এই মেইন পাইপটি ফেটে যাওয়ার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে শুধুমাত্র পানি অপচয়ই হচ্ছে না, স্থানীয় সড়ক ও পরিবেশও ঝুঁকির মুখে পড়েছে।
এলাকার বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা করছেন, ওয়াসা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নিয়ে ফেটে যাওয়া পাইপটি মেরামত করবে এবং অমূল্য পানির অপচয় রোধ করবে।