মোঃ মশিউর রহমান:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করলো টাঙ্গাইল থেকে প্রকাশিত পত্রিকা ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’। এ উপলক্ষে শনিবার (১৬ মে) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সময়ের সাহিত্যকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ড. ইউসুফ খান। তিনি বলেন, “একটি স্বপ্নকে যথার্থ পরিচর্যার মাধ্যমে এ পর্যায়ে নিয়ে আসার জন্য সম্পাদক মো. মাসুদুল হককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি, পত্রিকাটি গুণে-মানে একদিন মহীরূহ হয়ে দাঁড়াবে।”
বিশেষ অতিথির বক্তব্যে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা বলেন, “মো. মাসুদুল হকের দক্ষ পরিচালনায় দৈনিক টাঙ্গাইল সমাচার গণমানুষের পত্রিকা হয়ে উঠেছে। দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকা এগিয়ে যাবে—সেই প্রত্যাশা রইলো।”
সময়ের সাহিত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “দৈনিক টাঙ্গাইল সমাচার একটি সাহসী পথচলার নাম। পথচলার মাত্র দুই বছরেই পত্রিকাটি টাঙ্গাইল তথা এতদঞ্চলের গণমানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে—যা শুধু আশ্চর্যই নয়, আনন্দেরও। আগামী দিনে আরও সাহস, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে পত্রিকাটি তাদের দায়িত্ব পালন করবে—আমি এই আশাবাদ ব্যক্ত করছি।”
তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, “আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এজন্য সাহিত্য-সংস্কৃতিচর্চার প্রয়োজনীয়তা রয়েছে। আমি আশা করি, স্থানীয় প্রতিটি পত্রিকায় সপ্তাহে অন্তত একদিন টাঙ্গাইলের শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক একটি পাতা বরাদ্দ থাকবে।”
‘সেতু’-এর টাঙ্গাইল নির্বাহী পরিচালক মির্জা সাকিফ হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার শুভকামনা রইল। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
সভাপতির বক্তব্যে দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মাসুদুল হক বলেন, “আপনাদের সহযোগিতায় দৈনিক টাঙ্গাইল সমাচার দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করি। আজকের এই আয়োজনে উপস্থিত সকলকে টাঙ্গাইল সমাচার পত্রিকার পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি ও সাপ্তাহিক সমাজ চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক মামুনুর রহমান মিয়া এবং সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট শামীম আল মামুন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সম্পাদক মো. মাসুদুল হকের পুত্র মো. মাহতাব হক আদিব। দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মুসা মিয়ার সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন।