মোঃআনজার শাহ
গণতান্ত্রিক চেতনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬। শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে অধিকাংশই স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। দিনভর প্রাণচাঞ্চল্যময় পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
দীর্ঘ প্রতীক্ষা আর প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটিয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাঈদ আহমেদ খান। তিনি ৯০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদাকে (৪১ ভোট) পেছনে ফেলে সদস্যদের আস্থা অর্জন করেন।
সহ-সভাপতি পদে দুটি আসনে বিজয়ী হয়েছেন সালাম ফারুক (৮০ ভোট) এবং মোসাম্মাৎ নাসরীন সুলতানা (৬১ ভোট)। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন নাজমুল হক শ্যামল (৫২ ভোট)।
সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী হয়েছেন সালাহ উদ্দিন জসিম (৬২ ভোট)। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. শরীফুল ইসলাম (৬৪ ভোট) ও সায়ীদ আবদুল মালিক (৬৬ ভোট)।
যুগ্ম-সম্পাদক পদে দুটি আসনেই বিজয়ী হয়েছেন মনির আহমাদ জারিফ (৮১ ভোট) ও ফারজানা আফরিন (৭৫ ভোট)।
অর্থ সম্পাদক পদে চমকপ্রদ ব্যবধানে বিজয়ী হয়েছেন নিজাম উদ্দিন দরবেশ। তিনি ১০০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুমকে (২৭ ভোট) বিপুল ব্যবধানে পরাজিত করেন।
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. শাহ নেওয়াজ বাবলু (৮৫ ভোট), প্রতিদ্বন্দ্বী জহির আলম সিকদার পেয়েছেন ৪০ ভোট। দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আশিকুর রহমান (৭২ ভোট), যেখানে নুরুল ইসলাম খান মামুন পেয়েছেন ১২ ভোট।
প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন (রাকিব), ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম, আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সমাজ কল্যাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান বাবু (৬৭ ভোট), প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মিঠু পেয়েছেন ৫৬ ভোট। তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এ এফ এম রাসেল পাটোয়ারী (৬৫ ভোট), সেখানে আবদুল হাকিম আবির পেয়েছেন ৫৫ ভোট। শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (৮৯ ভোট), প্রতিদ্বন্দ্বী এ কে সালমান পেয়েছেন ৬৭ ভোট।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল নির্বাহী সদস্য পদ, যেখানে পাঁচটি আসনের জন্য লড়েছেন একাধিক প্রার্থী। সর্বোচ্চ ১১৭ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন দিদারুল আলম দিদার। এরপর যথাক্রমে নির্বাচিত হন মো. আবু তাহের (৯৭ ভোট), মোহাম্মদ আবদুল অদুদ (৭৪ ভোট), কমল চৌধুরী (৭৩ ভোট) এবং শারমিন সুলতানা রিনা (৫৭ ভোট)। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেও আসন পাননি তাহমিনা আক্তার, যিনি পেয়েছেন ৫২ ভোট।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা। সংশ্লিষ্টরা মনে করেন, এই নতুন কমিটি সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা-এর এই নির্বাচন প্রবাসী তথা ঢাকাস্থ কুমিল্লার সাংবাদিক সমাজে সংগঠিত ও দায়িত্বশীল নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আগামী দিনে তাঁদের নেতৃত্বে সংগঠনটি আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা সকলের।