নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বিএনপি ও ছাত্রদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) নরসিংদীর মনোহরদী উপজেলার বাঘিবাড়ী হাইস্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, নতুন সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা মাদক নির্মূলে আশান্বিত হয়ে ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত আক্তার হোসেন, গ্রাম: বাঘিবাড়ী, পো: চুলা বাজার, মনোহরদী, নরসিংদীকে মাদক ব্যবসা বন্ধ রাখার জন্য গতকাল ১৬/০২/২০২৬ খ্রি. শক্তভাবে আহ্বান জানান একই এলাকার বিএনপি নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ওসমান গণি ও ছাত্রদল নেতা সাব্বির। এতে রাগান্বিত হয়ে একই দিনে দেশীয় অস্ত্র নিয়ে মাদক ব্যবসায়ী আক্তার ও তার পৃষ্ঠপোষক শাহরিয়ার হক শুভর নেতৃত্বে ২০/২৫ জন বিএনপি নেতা ওসমান গণি ও ছাত্রদল নেতা সাব্বিরকে হত্যার উদ্দেশ্যে হামলা করতে বাঘিবাড়ী হাইস্কুল মাঠ ও আশপাশে খোঁজাখুঁজি করে। না পেয়ে হত্যার হুমকি দেয় এবং বিপরীত পক্ষের বাবুলসহ ২/৩ জনের ওপর হামলা করে চলে যায়। এ বিষয়ে পরবর্তীতে ওসমান গণি মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার ধারাবাহিকতায় ১৬/০২/২০২৬ তারিখ রাতে চুলা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাঘিবাড়ী গ্রামে নিজ বাড়িতে আসার পথে ছাত্রদল নেতা সাব্বিরের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ী আক্তার হোসেনের ছেলের নেতৃত্বে ০৫/০৭ জন। উক্ত হামলায় আহত মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার বাকার হোসেন মনোহরদী উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মাথায় ০৪টি সেলাই লেগেছে।
ছাত্রদল নেতা সাব্বির ও তার মোটরসাইকেল সহযাত্রীদের ওপর হামলার খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে তাদের সহচর কামরুল এগিয়ে এলে উত্তেজিত জনতার রোষানলে পড়ে।
জানা যায়, আলোচ্য মাদকবিরোধী ইস্যুকে বিতর্কিত করতে তা রাজনৈতিক আকার দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে একটি সুযোগসন্ধানী মহল।