মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় টাকার বিনিময়ে সরকারি ইপিআই টিকা দেওয়ার অপরাধে আফরোজ বেগম নামের এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
দণ্ডিত আফরোজ বেগম শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত আমিনুল হোসেনের মেয়ে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে সরকারি টিকাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি কোনো বৈধ অনুমতি ছাড়াই টিকা প্রদান করছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও জানান, দেশের প্রচলিত আইনের আওতায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।