মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত দিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১১ মার্চ) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাতে বন্দর থানার পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় দিপুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো চাকু এবং বেশ কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দিপু বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল এবং মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।