নারায়ণগঞ্জ সদর উপজেলা ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আজ ৩১/০৩/২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কর্মসূচির আওতায় পরিষদ সংলগ্ন নলখালী খাল ও বাগডুমারী খাল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন, সদর (ভূমি) সহকারী কমিশনার সাদিয়া আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে উপজেলা কমপ্লেক্সের দু’পাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো পরিষ্কার করা হয়। এ সময় সদর উপজেলার জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং স্বাস্থ্যসম্মত নাগরিক পরিবেশ নিশ্চিতকরণের উদ্দেশ্যে উপজেলা কমপ্লেক্সের দুইদিকে প্রবাহমান নলখালী খালটি সংযুক্ত করে জলবায়ু সহনশীল নিষ্কাশন ও খাল পুনরুদ্ধার শীর্ষক একটি পাইলট প্রকল্পেরও উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ফতুল্লা এলাকার জলাবদ্ধতা নিরসনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনজীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *