নারায়ণগঞ্জ সদর উপজেলায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা ও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ অভিবাসনের সঠিক পথ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে পারলে মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধ করা সম্ভব বলে জানিয়েছেন বক্তারা।

সোমবার (৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ রয়েছে। তাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে পারলে মানবপাচারের মতো অপরাধ কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে সঠিক তথ্য জেনে এবং বৈধ উপায়ে বিদেশ যাওয়া অত্যন্ত জরুরি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা অভিবাসনের ঝুঁকি, মানবপাচারের কৌশল এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাওয়ার ঝুঁকি ও ভয়াবহতার বিষয়টি তুলে ধরে বক্তারা বলেন, অনেকেই মরণফাঁদে পা দিয়ে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন অথবা পাচারকারীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দক্ষতা অর্জন, ভাষা শিক্ষা এবং সরকারি নিবন্ধিত সংস্থার মাধ্যমে বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার নুযহাত শামা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন। এছাড়া কর্মশালার সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, মানবাধিকারকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ইমাম, যুব প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এর বিভিন্ন কর্মসূচির মধ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে বিদেশগামী নারী ও পুরুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার রোধ, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং অভিবাসন খাতে অ্যাডভোকেসিসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *