নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাঢ়া এলাকা থেকে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০), পিতা: মো. তোফাজ্জল হোসেন, মাতা: মারজাহান বেগম। তিনি ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তার স্থায়ী ঠিকানা রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তেতলাবো এলাকায়।

২. মো. অনিক সরদার (৩৪), পিতা: মো. মহিদ সরদার, মাতা: আশুরা বেগম। তিনি বন্দর থানার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি এবং আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার স্থায়ী ঠিকানা বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার সরদারবাড়ী।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, গ্রেফতারকৃত অনিক সরদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানা এবং মুন্সিগঞ্জ সদর থানায় মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *