মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অবস্থিত বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়ার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ওয়াসিম উদ্দিন বলেন,
“দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি ট্রাক প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন করেছিলাম। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও দলীয় স্বার্থ বিবেচনায় নিয়ে আবারও দলীয় সিদ্ধান্ত অনুসারে ধানের শীষ প্রতীক এবং এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী দলগুলোর ঐক্য অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব শাহ মোহাম্মদ আমজাদ হোসেন, রূপগঞ্জ উপজেলা সচিব মিম্বর শাহসহ গাউছিয়া হক মাইজভান্ডারি কমিটির নেতাকর্মীরাও একইভাবে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর প্রতি সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আশরাফুল হক রিপন, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব শাহ মোহাম্মদ আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন,
“বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর প্রতি ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখে যারা সমর্থন জানিয়েছেন, আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন, গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আমাদের প্রতি সমর্থন জানিয়েছেন।”
তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবেন।