মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। দলীয় ও জোটগত সিদ্ধান্তের আলোকে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। এ আসনটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট শরিক বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ড. ইকবাল হোসেন ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহত্তর জোটের স্বার্থ, রাজনৈতিক ঐক্য এবং সম্মিলিত আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন,
“দলীয় সিদ্ধান্ত ও জোটের কৌশলগত সমঝোতার অংশ হিসেবে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। নারায়ণগঞ্জ-৩ আসনে এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পক্ষে নির্বাচন করবেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শাহজাহান শিবলী। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর বিজয়ের জন্য কাজ করব।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দলীয় জোটের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইনসহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, জোটের স্বার্থে এই সিদ্ধান্ত রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী শাহজাহান শিবলীর পক্ষে মাঠপর্যায়ে সর্বাত্মক কাজ করার আহ্বান জানান তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের প্রার্থী সরে দাঁড়িয়ে জোট শরিককে আসন ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে বিরোধী জোটের মধ্যে ঐক্য ও সমন্বয়ের বার্তা আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।