মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, নির্বাহী প্রকৌশলী গণপুর্ত বিভাগ হারুনর রশীদ, উপ-পরিচালক কৃষি অধিদপ্তর আহসান শহীদ সরকার এবং নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়াও জেলা প্রশাসন, দুদক, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং মানববন্ধনের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। মানববন্ধনে পুলিশ, ফায়ার সার্ভিস, কারারক্ষী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
দিবসটির প্রতিপাদ্য ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা।” প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সরকারি দপ্তরের কাছে সার্ভিস নিতে আসা জনগণকে ভালো সেবা দিতে হবে যাতে কেউ বলতে না পারে যে আপনি দুর্নীতির সাথে জড়িত। পারিবারিক, ধর্মীয় ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে দুর্নীতি মুক্ত করে গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি বলেন, “আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজের দপ্তরকে দুর্নীতি মুক্ত করতে হবে। আমি নিজেও আমার দপ্তরকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করব। ইসলামী অনুশাসন মেনে চললে দুর্নীতি বন্ধ হবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং নৈতিক মূল্যবোধ সংরক্ষণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও নতুন প্রজন্মকে সততা, জবাবদিহি ও ন্যায়পরায়ণতার পথে পরিচালিত করার মাধ্যমে একটি স্বচ্ছ সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তারা এই দিবসকে উদযাপনকে প্রতিদিনের দায়িত্ব এবং সরকারি সেবা উন্নয়নের অংশ হিসেবে মান্য করার গুরুত্ব তুলে ধরেন। মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে সংহতি প্রদর্শনের সুযোগ হয় এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এভাবে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হয় মানব বন্ধন, পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মাধ্যমে। অনুষ্ঠানটি স্থানীয় প্রশাসন, পুলিশ, দুদক এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় এবং দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছে।