মোহাম্মদ হোসেন হ্যাপী:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজন করে সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) জনাব কানিজ ফারজানা শান্তা সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা তার বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা বাহিনীর প্রাণ। মহাপরিচালক মহোদয়ের এই ঈদ উপহার আপনাদের প্রতি বাহিনীর সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। পবিত্র মাহে রমজানের ত্যাগের শিক্ষাকে ধারণ করে আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “যে কোনো জাতীয় দুর্যোগ, নির্বাচন কিংবা উৎসবে আনসার বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তৃণমূলের এই নিবেদিতপ্রাণ যোদ্ধাদের কল্যাণে এবং তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে মহাপরিচালক মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে আছে।”
পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাহিনীর সদস্যদের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপহার বিতরণ ও আলোচনা সভার পর দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং আনসার বাহিনীর সার্বিক উন্নতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথি, আনসার ও ভিডিপি সদস্য এবং স্থানীয় সুধীজন একত্রে ইফতারে অংশগ্রহণ করেন। মহাপরিচালকের এই উপহার পেয়ে উপস্থিত সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ লক্ষ্য করা যায়।