মোহাম্মদ হোসেন হ্যাপী:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহরমুখী সড়কে চাঁদমারি এলাকার ট্যাক্সিস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাইসাইকেল আরোহী যুবক সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ফেয়ার অ্যাপারেলস পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার নাম সুমন চন্দ্র। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।