মোহাম্মদ হোসেন হ্যাপী:
মঙ্গলবার (১৭-০২-২০২৬) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন।
প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী, সহকারী পরিচালক (র্যাব) মোঃ মহিদুল ইসলাম, বিজিবির জুনিয়র কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের পরিচালক এস এম জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাশুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান এবং গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম সুজন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ ফেব্রুয়ারি বাদ ফজর সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় জেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সকল রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকবে। দিবসটি উপলক্ষে সকল সরকারি অফিস ও আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি জেলা চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভা শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ২১ ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনের দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনৈতিক মতভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।