নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পরিবারে ৪৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহত ১০টি পরিবারের সদস্যদের মাঝে মোট ৪৬ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিহতদের পরিবার ও আহতদের স্বজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সহায়তা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান জানান, নিহত ১০টি পরিবারের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া আহত ২টি পরিবারের প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪৬ লক্ষ টাকার এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, বিআরটিএ’র কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার ওপর জোর দেন তারা। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

এ সময় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তবে তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলা করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *