নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদর পৌরসভার ৮নং ওয়ার্ডে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা এখন অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাজার এলাকার রাস্তার উত্তর পাশ থেকে ইউনাইটেড স্কুলের সামনে দিয়ে উত্তর খাল ব্রিজের নিচে একটি ড্রেনের সংযোগস্থল এবং সরকারি সফর আলী কলেজের সামনে থেকে উপজেলা পরিষদ হয়ে সেন্টার হাসপাতালের সামনে দিয়ে আরেকটি ড্রেন একই খালে গিয়ে মিলেছে। অপরদিকে সংযোগস্থল খালটি মাটি দিয়ে ভরাট হয়ে যাওয়ায় ড্রেনের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ময়লা-আবর্জনা জমে ড্রেন আংশিক বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

গণমাধ্যমকে স্থানীয়রা জানান, দ্রুত খালটি খনন করে পানি চলাচল স্বাভাবিক না করলে পুরো ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়বে, ফলে সরকারের বিপুল অর্থ ব্যয়ও বৃথা যাবে।

৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন বলেন, “অতি দ্রুত খালটি খনন করে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

এলাকাবাসী আখতারুজ্জামান মানিক জানান, “খাল ভরাট হয়ে মাঝখানে আগাছা জন্মেছে। ড্রেনে ময়লা আটকে থাকায় মশার উপদ্রব বেড়েছে, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।”

এ বিষয়ে আড়াইহাজার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান বলেন, “খাল খননের গুরুত্ব আমরা উপলব্ধি করেছি। বিষয়টি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, জনসাধারণকে সচেতন হয়ে ড্রেনে ময়লা না ফেলার আহ্বান জানান।

ভোগান্তির বিষয়ে স্থানীয়দের প্রশাসনের কাছে জোরালো দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে জনদুর্ভোগ কমে আসবে এবং ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *