মোহাম্মদ হোসেন হ্যাপী:
প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি (CHCC)।
বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে এই উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এম.আর কে এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম রাতুল, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা।
মতবিনিময়কালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ ও আধুনিক যাতায়াত ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর সুদূরপ্রসারী নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় একাধিক মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকীকরণ এবং পরিবেশ সংরক্ষণে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প। পাশাপাশি ১ হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের সম্ভাব্য প্রকল্প নিয়েও আলোচনা হয়, যা একই সঙ্গে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া শহরের যানজট নিরসন ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এলআরটি বা মনোরেল প্রকল্প, সমগ্র নগরীতে বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মেগা প্রকল্প এবং দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আধুনিক ব্রিজ নির্মাণ প্রকল্প নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ শহরের জন্য প্রশাসকের দূরদর্শী ও জনকল্যাণমুখী পরিকল্পনার প্রশংসা করেন চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির এমডি ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। তারা জানান, এসব বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তার পাশাপাশি সম্ভাব্য বড় অঙ্কের বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ সহযোগিতা দিতে আগ্রহী।