অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অর্জন আড়াল করতে দেশে ভিন্ন কিছু ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুমন বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরের সময় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশে ফিরে জাতিসংঘে বাংলাদেশের অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং টকশোতে আলোচনা হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু সেই সময় দেশে ভিন্ন কিছু ঘটনা সামনে আসায় গণমাধ্যমের মনোযোগ সেদিকে চলে যায়। তার দাবি, এর ফলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়াল করার চেষ্টা হয়েছে।
সরকারের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রসঙ্গে রুমন বলেন, একজন মানুষকে নদী পার হতে বলার পাশাপাশি যদি তার হাত-পা বেঁধে দেওয়া হয়, তাহলে তার পক্ষে নদী পার হওয়া সম্ভব নয়। সরকারের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রুমনের ভাষ্য অনুযায়ী, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘদিন পর নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ুতে ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে ‘থ্রি আর’ (3R) প্রস্তাবসহ ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
তবে এসব বিষয় গণমাধ্যমে কতটা গুরুত্ব পেয়েছে—সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
রুমন আরও দাবি করেন, এসব অর্জনকে ম্লান করতে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে পরিকল্পিত কিছু অপকর্ম ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তবে তিনি কোন ঘটনাগুলোর কথা উল্লেখ করছেন, সংবাদ সম্মেলনের বক্তব্যে তা নির্দিষ্ট করে বলেননি।
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান উল্লেখ করে রুমন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সরকারের কার্যক্রমে সহযোগিতা করা প্রয়োজন।