স্বাধীন সংবাদ খেলা:
সামাজিক যোগাযোগমাধ্যমের রিলস ও টিকটক আসক্তি আজকাল সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বসেরা ফুটবল তারকাদেরও গ্রাস করছে। সম্প্রতি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও জানিয়েছেন, অবসর সময়ে তিনি রিলস এবং টিকটক ভিডিও দেখেন।
লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “অনেক বেশি টিকটক দেখি আমি, সবকিছুই দেখি। সত্যি বলতে, সেখানে অনেক সময় কাটাই। তবে এটি করি শুধু অবসর সময়ে।” মেসির নিজস্ব টিকটক অ্যাকাউন্টেও তার ফুটবল দক্ষতা, কীর্তি এবং প্রশিক্ষণের ভিডিও রয়েছে। তবে তাতে থেমে থাকে না, আরও যোগ হয়েছে এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো বিভিন্ন ভিডিও।
মেসি জানান, এই এআই ভিডিওতে তাকে হাস্যকর কাজ করতে দেখা যায়। কখনো কখনো সে রোনালদোর সঙ্গে মিলে খুনসুটি করছে, আবার কখনো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে— এমন মজার দৃশ্যও ভিডিওতে ধরা পড়ে। মেসি স্বীকার করেন, “আমি নিজেও এসব এআই ক্লিপ দেখেছি। একটাতে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। এগুলো দেখলে সত্যিই মজা পাই।”
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে ছোট ছোট ভিডিও এবং এআই তৈরি কনটেন্ট মানুষের মনোযোগ দীর্ঘ সময় ধরে রাখার ক্ষমতা রাখে। এতে সাধারণ ব্যবহারকারীর পাশাপাশি বিশ্বখ্যাত তারকাদেরও ফাঁদে পড়তে হয়।
ফলে, শুধু খেলা বা মেধা নয়, সোশ্যাল মিডিয়া ও এআই প্রযুক্তি এখন বিশ্ব তারকাদের জীবনেও আনন্দ এবং বিনোদনের অংশ হয়ে উঠেছে। মেসির উদাহরণ প্রমাণ করে, বিশ্বের সর্বাধিক ব্যস্ত তারকারাও অবসর সময়ে এই ডিজিটাল বিনোদনের চক্রে আটকে যাচ্ছেন।