নেত্রকোনা–সদর ও বারহাট্টা আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হাসান আল মামুন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী

মোশাররফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার সদর ও বারহাট্টা আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন হাসান আল মামুন।

সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর তিনি নেত্রকোনা জেলা সদর উপজেলাধীন হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) মাজার শরীফে জিয়ারতে আসেন। সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের সময় তিনি বলেন, “আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই এবং আগামী নির্বাচনে জনগণের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করছি।”

হাসান আল মামুন আরও জানান, তিনি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি পদে আছেন।

প্রার্থী তাঁর প্রতিশ্রুতির মধ্যে উল্লেখ করেন:

  • গ্রামে গ্রামে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে এম্বুলেন্স সার্ভিস চালু করা।

  • কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত ও কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন।

  • সরকারি অর্থায়নে নদী, বিল, খাল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।

  • তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, যাতায়াতের উন্নয়ন ও এসি বাস চালু করা।

  • রেলের সুবিধা বৃদ্ধি, কৃষি উন্নয়ন, শিক্ষা প্রসার ও দক্ষ জনবল তৈরি।

  • নারী নিরাপত্তা নিশ্চিত করা ও নারীদের কর্মসংস্থা ও কুটিরশিল্পে উৎসাহ প্রদান।

  • প্রত্যেকটি ইউনিয়নের খাল, বিল, নদী, নালা খনন।

  • শহরের যানজট নিরসন, রাস্তা সংস্কার ও আধুনিক পাবলিক হল নির্মাণ।

  • বিনোদন ও খেলাধুলার জন্য প্রতিটি ইউনিয়নে মাঠ নির্মাণ।

  • প্রতিটি গ্রাম ও ইউনিয়নে সরকারি কবরস্থান স্থাপন।

হাসান আল মামুন বলেন, “আসন্ন সংসদ নির্বাচনে আল্লাহর রহমত এবং মানুষের দোয়া ও ভালোবাসার মাধ্যমে আমরা বিজয়ী হতে পারব। আমি বেঁচে থাকলে জনগণের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবে রূপ দিব।”

তিনি আরও সবাইকে অনুরোধ করেন, ট্রাক মার্কা প্রতীককে ভোট দিয়ে তার পাশে থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *