নেপালের স্বপ্নীল জমসমে শুটিং করছেন সুনেরাহ বিনতে কামাল

স্বাধীন সংবাদ বিনোদন: 

নেপালের মুস্তাং জেলার জমসম—সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এই স্বপ্নের শহর—প্রকৃতির অপূর্ব মেলবন্ধনের জন্য বিখ্যাত। কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা জমসমকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ দুর্গম এলাকা। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ এবং নিস্তব্ধ প্রকৃতির দৃশ্যমালা যেন দর্শককে অন্য জগতে নিয়ে যায়। বলিউড নির্মাতাদেরও বহুদিন ধরেই এটি প্রিয় শুটিং লোকেশন।

এই স্বপ্নীল প্রাকৃতিক দৃশ্যে সম্প্রতি দেখা গেল ঢাকাই শোবিজের জনপ্রিয় মুখ সুনেরাহ বিনতে কামালকে। সঙ্গে আছেন মডেল ফররুখ আহমেদ রেহান। তবে এই সফর ব্যক্তিগত নয়, বরং শুটিং কার্যক্রমের অংশ। নেপালের কড়াকড়ি শীত—মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়—তাদের ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের শুটিং হয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন, এবং সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান। নির্মাণের দায়িত্বে ছিলেন তানিম রহমান অংশু

শুটিং শেষে দেশে ফিরে সুনেরাহ বিনতে কামাল বলেন,

“হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য মনে হয় কোনও শিল্পীর হাতে আঁকা। তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা। মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়। তবুও এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, গানটি দেখলে দর্শক শুধু গান নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনো বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *