স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপজয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই স্পেন শিবিরে এলো দুঃসংবাদ। চোটের কারণে উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচগুলোতে খেলতে পারবেন না স্পেনের রাইটব্যাক পেদ্রো পোরো। শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে টটেনহামের ম্যাচে চোট পান ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। পরে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, চোটের কারণে পোরোকে কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে আপাতত ২৫ জন ফুটবলারকে নিয়ে নেশনস লিগের দল গঠন করেছে স্পেন।
স্পেনের বিশ্বকাপজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পোরো। দলের ডান প্রান্তে লামিনে ইয়ামালের সঙ্গে তার বোঝাপড়াও ছিল বেশ কার্যকর। বিশ্বকাপে ছয় ম্যাচে শুরুর একাদশে খেলেছেন এই ডিফেন্ডার। এ সময়ে তিনি দুটি গোলও করেছেন।
নেশনস লিগে স্পেনের সামনে রয়েছে ব্যস্ত সূচি। আগামী ২৬ সেপ্টেম্বর লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। ৩ অক্টোবর চেকিয়ার বিপক্ষে ম্যাচের পর ৬ অক্টোবর আবারও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।
পোরোর চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে স্পেনকে।