নৌপরিবহণ খাতের উন্নয়নে নতুন সচিব আতাউর রহমান খানের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক:

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আতাউর রহমান খান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৫ মে সরকারের সচিব পদে পদোন্নতি পান তিনি।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮তম ব্যাচের কর্মকর্তা আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কর্মক্ষেত্রের মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগ।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে দেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময়ে দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব দেন তিনি।

পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে আতাউর রহমান খান দেশে-বিদেশে বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, আলোচনা ও সমঝোতার কৌশল, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (আইএফআরএস), বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, ডিজিটাল যুগে নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ নেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন আতাউর রহমান খান। পরে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (জিআরআইপিএস) থেকে যৌথ জাপান-এশীয় উন্নয়ন ব্যাংক বৃত্তি কর্মসূচির আওতায় মাস্টার অব পাবলিক পলিসি (এমপিপি) ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি। এ ছাড়া ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন।

নতুন দায়িত্বে দেশের নৌপরিবহণ খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নৌপথের কার্যকর ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আতাউর রহমান খান। নিরাপদ, আধুনিক ও দক্ষ নৌপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আরও গতি আনার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *