লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণ করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকি বাড়ছিল।
এ অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত অবৈধ লাইনও বিনষ্ট করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত অন্যরা পালিয়ে যায় বলে জানা গেছে।
অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন, ‘পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।