পবিত্র রমজান উপলক্ষে বারইয়ারহাটে বাজার মনিটরিং: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ইউএনও সোমাইয়া আক্তার

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং বাজার সিন্ডিকেট রুখতে বিশেষ অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভার যৌথ উদ্যোগে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

অভিযান চলাকালে বাজারে চাল, ডাল, তেল, চিনি-সহ বিভিন্ন নিত্যপণ্যের মজুত ও মূল্যতালিকা যাচাই করা হয়। ইউএনও সোমাইয়া আক্তার ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “রমজানকে পুঁজি করে কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না। প্রতিটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে।”

বাজার মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার। তিনি বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।

নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দলসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা চাঁদাবাজির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ওজনে কম দেওয়ার অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং কয়েকজনকে সামান্য জরিমানা করা হয়। প্রশাসনের এ তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *