পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে জেলা ও উপজেলা প্রশাসনের অভিযান

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী:

পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ চানমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এ সময় সড়কের আশপাশে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “নগরীর পরিবেশ পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তবে কেবল প্রশাসনের একার পক্ষে পুরো শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সর্বস্তরের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও মানসিকতার পরিবর্তন।”

নারায়ণগঞ্জবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, “আমি নারায়ণগঞ্জের সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি—আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন এবং আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করুন। আপনার সচেতনতাই পারে আপনার চারপাশকে সুন্দর রাখতে।”

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব ও সুস্থ নগরী বিনির্মাণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পরিচালনা করা হবে।

‘আসুন, সম্মিলিত উদ্যোগে গড়ে তুলি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সবাইকে নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *