নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার ওরফে পলাশ।
পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন।
এ ঘটনায় ফিরোজের স্ত্রী ২০২৪ সালের ২৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।