স্বাধীন বিনোদন ডেস্ক:
সম্প্রতি ভারতের হায়দরাবাদের লুলু মলে আয়োজিত দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি ‘রাজা সাব’–এর জনপ্রিয় গান ‘সাহানা সাহানা’–এর লঞ্চিং অনুষ্ঠান ঘিরে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা। আনন্দঘন আয়োজন মুহূর্তেই ভয়ংকর রূপ নেয়, যখন ভক্তদের অসভ্য আচরণের শিকার হন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি আগারওয়াল।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় বিপুলসংখ্যক ভক্ত নিধিকে ঘিরে ধরেন। সেলফি তোলা ও কাছে যাওয়ার প্রতিযোগিতায় একপর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় অভিনেত্রীকে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হতে হয়।
ভিডিওতে আরও দেখা যায়, দেহরক্ষীরা তাকে নিরাপদে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে নিধি মারাত্মক অস্বস্তিতে পড়েন। নিজের ওড়না শক্ত করে ধরে রাখতে ও পোশাক সামলাতে বাধ্য হন তিনি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা যায় নিরাপত্তাকর্মীদেরও।
অবশেষে গাড়িতে উঠতে সক্ষম হলেও অভিনেত্রীর মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভিডিওতে তাকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। এ ঘটনায় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের একাংশের আচরণের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। নেটিজেনদের অনেকেই আয়োজকদের দায়হীনতার প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, “এটি অত্যন্ত জঘন্য আচরণ। একজন অভিনেত্রীকে কেন এভাবে নিরাপত্তাহীন অবস্থায় রাখা হলো?” আরেকজন লেখেন, “পোশাকের বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে কেন এত বড় আয়োজন করা হয়?”
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলে জানা গেছে। পাশাপাশি ভবিষ্যতে এমন জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা জোরদারের বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এই ঘটনার মাধ্যমে আবারও তারকাদের নিরাপত্তা ও ভক্তদের দায়িত্বশীল আচরণের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।