প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে নতুন আলো: ডিডিইএফের মানবিক উদ্যোগ

স্টাফ রিপোর্টার: 


প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়—সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ পেলে তারা অসাধ্যকে সম্ভব করতে পারে। এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিচ্ছে ডিজেবল ডেভেলপমেন্ট এন্ড এডুকেশনাল ফাউন্ডেশন (ডিডিইএফ)

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর গ্রামে ডিডিইএফ সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করেছে। প্রতিবন্ধী ব্যক্তিরা এখানে পেয়েছে আশ্রয়, সহায়তা ও জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১,৫০০-এর বেশি প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও ক্রাচসহ সহায়ক উপকরণ প্রদান করেছে।

দেশি ও বিদেশি দাতাদের সহযোগিতায় ডিডিইএফ ৪,২০০ রোগীর সফল অপারেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। এছাড়া ক্যানসার রোগীদের নগদ ৫০,০০০ টাকা অনুদান দেওয়ার মধ্য দিয়ে আর্থিক সহায়তা নিশ্চিত করেছে।

ডিডিইএফ ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে সমাজসেবা, ২০১০ সালে এনজিও বিষয়ক ব্যুরো ও যুব উন্নয়ন অধিদফতর থেকে নিবন্ধন গ্রহণ করে। এর পর থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার পাশাপাশি ডিডিইএফ রোহিঙ্গা ক্যাম্প—উখিয়া ও টেকনাফে জরুরি খাদ্য সহায়তা, বন্যা দুর্গতদের মাঝে খাদ্য বিতরণ এবং মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করেছে। করোনা সময়ে প্রায় ২,০০০ পরিবারকে খাদ্য ও সেনিটাইজার সরবরাহ করা হয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। এছাড়া অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম্বল বিতরণ ও আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে।

ভবিষ্যতে ডিডিইএফ পিতামাতাহীন ও দরিদ্র পরিবারের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পুনর্বাসন কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র এবং বিশেষ হাসপাতাল স্থাপন করতে চাচ্ছে।

ডিডিইএফের এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা জরুরি। আর্থিক অনুদান এবং সমর্থন দিয়ে সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আরও বেশি সহায়তা প্রদান সম্ভব।

আপনিও হোন ডিডিইএফের বিশ্বস্ত সহযোগী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের অংশীদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *