মোহাম্মদ হোসেন হ্যাপী:
চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, জনগণের হারানো সম্পদ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানের আওতায় চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়ের করা মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো বুধবার পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।
মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করেছে।
অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। তাই জননিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে তারা।