প্রেমের টানে বাড়ি ছেড়ে রোহিঙ্গা কিশোরী, টেকনাফে উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক বাংলাদেশি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। পরে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্প-২৭-এর বি/৭ ব্লকের ওই কিশোরীর সঙ্গে স্থানীয় জাদিমুড়া এলাকার এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, রোববার ভোরে ওই যুবক ও তাঁর এক সহযোগী বিয়ের উদ্দেশ্যে কিশোরীকে স্থানীয় একটি আত্মীয়ের বাড়িতে নিয়ে যান।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বিয়েতে সম্মতি না থাকায় ক্যাম্প-২৭ সিআইসি কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে সিআইসি কার্যালয় থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পকে জানানো হয়।

অভিযোগ পাওয়ার পর ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নির্দেশনায় এসআই (নিঃ) নিপুন মজমুদারের নেতৃত্বে দিবাকালীন মোবাইল ডিউটি পার্টি ও নারী পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে বি/৩ ব্লকের একটি স্থানীয় বাঙালি বসতঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে এপিবিএন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

১৬ এপিবিএন জানায়, পরবর্তীতে কিশোরীর পরিবারের সদস্যরা কোনো আইনগত ব্যবস্থা নিতে চাননি। রাত ৯টা ৪০ মিনিটে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া কিশোরীকে তাঁর বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় একটি বসতঘর থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করে এপিবিএন ক্যাম্পে আনা হয়। পরে পরিবারের সদস্যরা আইনগত ব্যবস্থা নিতে অনাগ্রহ প্রকাশ করলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্প এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এপিবিএনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *