নুরুজ্জামান সাউদ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজের মুমূর্ষ রোগীদের গুরুত্বপূর্ণ সিসিইউতে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করতে দেখা গেছে। এতে রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বুকের ব্যথা নিয়ে সোনারগাঁও থেকে সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি হন হযরত (৬০) নামের এক রোগী। ইমার্জেন্সি ডাক্তার রোগীকে সিসিইউতে ভর্তি করার পরামর্শ দেন।
রোগীর সাথে আসা লোকজন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী হাসপাতালের নিয়মকানুন মেনে রোগীকে দ্রুত সিসিইউতে ভর্তি করান। পরদিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) রোগীর আত্মীয় সিসিইউ দেখতে হাসপাতালে যান। হাসপাতালের লোকজন তাঁকে জানান, শরীরে গাউন পরে সিসিইউতে যেতে হবে।
শরীরে গাউন পরে সিসিইউয়ের সামনে উপস্থিত হলে তিনি দেখেন বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজন সিসিইউয়ের দরজার সামনে ভিড় করছে। ঠিক সেই সময়ে একজন ঔষধ কোম্পানির প্রতিনিধি কোনো ধরনের গাউন না পরে সিসিইউতে প্রবেশ করেন। বিষয়টি স্বজন ভিডিও করেন, এবং ভিডিও করা দেখে অন্যান্য প্রতিনিধিরা দ্রুত সেখান থেকে চলে যান।
উপরোক্ত বিষয়ে জানতে প্রো-অ্যাকটিভ হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয়ে সিইওর সাথে কথা বলুন। সিইওর মোবাইল চাইলে তিনি হাসপাতালে এসে সরাসরি কথা বলার পরামর্শ দেন।
রোগীর স্বজনরা জানান, হাসপাতালের আইসিইউ ও সিসিইউ গুরুত্বপূর্ণ জায়গা। এখানে সহজে কেউ ঢুকতে পারে না। ঢুকলেও স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে হয়। অথচ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দল বেঁধে সিসিইউতে ঢুকছে এবং কোন ধরনের স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করছে না। এতে সিসিইউতে থাকা রোগীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের এমন অবহেলার কারণে রোগীদের বড় ধরনের সমস্যা হতে পারে। উপরোক্ত বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেছেন।