ফটিকছড়ির হারুয়ালছড়িতে প্রতিবন্ধীর বসতভিটায় হামলা-ভাঙচুরের অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৫ নম্বর হারুয়ালছড়ি ইউনিয়নের পশ্চিম আন্দারমানিক চন্দ্রডেবা এলাকায় প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন। মামলাটি সিআর মামলা নং-২৯৯/২০২৬ (ভূজপুর)। এতে দণ্ডবিধির ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ৪ জুলাই দুপুরে রফিকসহ কয়েকজন জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তার স্ত্রী কুনসুমা বেগমকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বসতঘরের বেড়া ও টিন ভাঙচুর করে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি করেন। একই সঙ্গে কুনসুমা বেগমকে শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে।

জাহাঙ্গীর আলমের দাবি, আদালত থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। হামলা ও হুমকির কারণে তিনি গত ছয়-সাত মাস ধরে পরিবার নিয়ে অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, তাকে ও তার স্ত্রীকে নিয়ে একটি গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলেও দাবি করেছেন জাহাঙ্গীর আলম। এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *