ফতুল্লা মডেল থানার অভিযানে দেশীয় অস্ত্র, ৮ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ২ ডাকাত গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত নগদ ৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর নয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) সনজিব জোয়াদ্দার ও ফোর্সসহ মুসলিমনগর নয়াবাজার এলাকায় মো. আব্দুল বাতেনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেন। এ সময় পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জনের একটি ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা সম্ভব হয়, বাকিরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মো. অলিউল্লাহ হাওলাদার ওরফে ওলিউল্লাহ (৩০), পিতা: মৃত ইউসুফ হাওলাদার, মাতা: ফরিদা বেগম, সাং-আমতলী ওয়াপদা সড়ক, থানা-আমতলী, জেলা-বরগুনা; বর্তমানে নয়াবাজার মুসলিমনগর (বাতেন সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
২) মো. জাকারিয়া হাওলাদার (২৮), পিতা: আনোয়ার হোসেন, মাতা: পারুল বেগম, সাং-আমতলী পৌরসভা, থানা-আমতলী, জেলা-বরগুনা।

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—

  • ১টি সুইচ গিয়ার চাকু

  • ১টি স্টিলের চাপাতি

  • ২টি চাকু

  • ১টি কাটার

  • ১টি গ্যাস লাইটার/হিটার

  • নগদ ৮,০০,০০০/- (আট লাখ) টাকা

  • ১টি স্বর্ণের চেইন (ওজন ৪.৪৪ গ্রাম)

  • ১টি স্বর্ণের আংটি (ওজন ২.১৬ গ্রাম)

  • ছোট-বড় বিভিন্ন ডিজাইনের ৪০ পিস কানের দুল (মোট ওজন ৩৩.১২ গ্রাম)

উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পলাতক ও অজ্ঞাতনামা আরও ৭/৮ জন সহযোগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চবটি থেকে কাশিপুর সড়কে মিশুক, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন অবরোধ করে ডাকাতি করার পরিকল্পনা করছিল। এ সময় পুলিশ ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়।

তবে উদ্ধারকৃত নগদ অর্থ ও স্বর্ণালংকার কোথা থেকে লুণ্ঠন করা হয়েছে—এ বিষয়ে ধৃত আসামিরা স্পষ্ট তথ্য দেয়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *