ফতুল্লায় জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬-৭টি গোডাউন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ থেকে ৭টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় কর অফিসের উত্তর পাশে মাসুমের মালিকানাধীন একটি জুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন পাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিয়ন্ত্রণে আসার পরও পোড়া জুটের স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের তীব্রতায় পাশের একটি কাঠের দোকানের একাংশের টিন ও কিছু কাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জুট গোডাউনগুলোর ভেতরে থাকা কাপড় ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফতুল্লা থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে ঘটনাস্থলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *