ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১। রোববার (১৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল। র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত ওই এলাকা থেকে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে সেখানে থাকা একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। র‌্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে আইনগত পদক্ষেপের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *