মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ঝটিকা অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মাইনুল ইসলাম পাবেল (৩৭) নামে এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানাধীন শাসনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আনোয়ার হোসেন ও এসআই আশীষ কুমার দাসসহ পুলিশের একটি চৌকস দল শাসনগাঁও এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় সিরাজ বেপারীর বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট থেকে মাইনুল ইসলাম পাবেলকে আগ্নেয়াস্ত্রসহ হাতে-নাতে আটক করা হয়। গ্রেফতারকৃত পাবেল ওই এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড তাজা গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
অস্ত্রধারী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।