মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ রাউন্ড গুলিসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ও গুম-হত্যা মামলার প্রধান আসামী রাজ্জাক এবং তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (১ এপ্রিল) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজ্জাক স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি গুম-হত্যা সংক্রান্ত একটি মামলার প্রধান আসামী বলেও জানা গেছে। তার ছেলে ওয়াসিমও এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে রাজ্জাকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত করে এবং পরে সফলভাবে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এ ধরনের অপরাধ দমনে পুলিশের আরও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন।